বিমান খাতে জ্বালানি ব্যয় কমাতে নতুন মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছে, যা শনিবার (২৪ মে) মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে।
বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৬৫ টাকা ৮৮ পয়সা, যা আগে ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির মূল্য কমিয়ে প্রতি লিটার ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১ এর মূল্য, মার্কিন ডলারের বিনিময় হার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি ব্যয় বিবেচনায় নিয়ে এ মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতেও এক দফা জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। নতুন এ সিদ্ধান্তে বিমান পরিবহন খাতে পরিচালন ব্যয় কিছুটা কমবে বলে সংশ্লিষ্টদের ধারণা।