নরসিংদীর প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট, দৈনিক ইনকিলাবের নরসিংদী জেলা প্রতিনিধি এবং নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম সরকার আদম আলীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
২০২২ সালের ৮ জুলাই সকাল সাড়ে ১০টায় নরসিংদী শহরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সরকার আদম আলী দীর্ঘ কয়েক দশক ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। জাতীয় দৈনিক ইনকিলাবের নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি নরসিংদী প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেন। একজন অনুসন্ধানী, নির্ভীক ও নীতিনিষ্ঠ সাংবাদিক হিসেবে তিনি জেলার গণমাধ্যম অঙ্গনে বিশেষ সম্মান অর্জন করেছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সমাজ-সচেতনতামূলক লেখালেখি ও কলাম রচনার মাধ্যমেও তিনি পরিচিত ছিলেন।
সাংবাদিকতা পেশায় তাঁর দীর্ঘ অবদান নরসিংদীর গণমাধ্যম অঙ্গনে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। তাঁরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।