পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ করে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করেছে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা। পৌরসভার ১৫টি ওয়ার্ডে ঈদের দিন থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রম ঈদের তৃতীয় দিন পর্যন্ত অব্যাহত ছিল।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার তত্ত্বাবধানে পরিচ্ছন্নতাকর্মীরা দিন-রাত কাজ করে পৌর এলাকার কোরবানির বর্জ্য অপসারণ করেন। সংগ্রহ করা বর্জ্য পরিবেশসম্মতভাবে পৌরসভার নির্ধারিত ভাগাড়ে ফেলা হয়েছে।

এদিকে, কোরবানির কিছু পশুর চামড়া বিক্রি না হওয়া এবং সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে বিভিন্ন স্থানে ফেলে রাখায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। জনদুর্ভোগ এড়াতে পৌরসভা দ্রুত এসব চামড়াও অপসারণের ব্যবস্থা নেয়।
পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় স্বল্প সময়ের মধ্যেই পৌর এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।