পরিবেশবান্ধব গণপরিবহন ও পণ্য পরিবহন খাতে বিনিয়োগ উৎসাহিত করতে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বিশেষ কর-সুবিধা ঘোষণা করেছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত এসব যানবাহন আমদানিতে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাটের আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি পাওয়া যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুল্কমুক্ত সুবিধা পেতে আমদানিকৃত যানবাহন অবশ্যই সম্পূর্ণ নতুন হতে হবে; ব্যবহৃত বা রিকন্ডিশন যানবাহন এ সুবিধার আওতায় আসবে না। এছাড়া সংযুক্ত ব্যাটারির জন্য ন্যূনতম সাত বছর বা তিন লাখ কিলোমিটার পর্যন্ত কার্যকারিতার ওয়ারেন্টি থাকতে হবে এবং তা যথাযথ নথিপত্রের মাধ্যমে প্রমাণ করতে হবে। একইসঙ্গে যানবাহনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত মানদণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃত সনদের শর্ত পূরণ করতে হবে।
এ সুবিধা ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট বৈদ্যুতিক বাস এবং ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার বৈদ্যুতিক ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সরকারের মতে, এ পদক্ষেপ টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।