বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা ১১টায় উপজেলার বারইখালী ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন “বাতিঘর”-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির স্লোগান ছিল—“মাদকের বিরুদ্ধে, চল যাই যুদ্ধে”।
তেতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা ও পারিবারিক ভূমিকা জোরদার করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন বাতিঘর সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক ওয়াদুত হাওলাদার, ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম রসুল বাবুল, জামায়াত নেতা সহকারী অধ্যাপক মাওলানা সরোয়ার হোসেন, এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় শিক্ষার্থী জান্নাতুল আরেফিন জিনিয়া পিতার উদ্দেশে মাদকবিরোধী সচেতনতামূলক একটি চিঠি পাঠ করে শোনান।
আয়োজকরা জানান, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের কর্মসূচি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।