ঈদুল আজহার আগে স্বর্ণবাজারে স্বস্তির খবর এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা। শনিবার (২২ মে) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
সংস্থাটি বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দর পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি রাখা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুস জানিয়েছে, আগের নির্ধারিত দামেই রুপা বিক্রি হবে।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বহুবার সমন্বয় করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদা-সরবরাহ পরিস্থিতির প্রভাবেই মূল্য ওঠানামা অব্যাহত রয়েছে।