ভূমি উন্নয়ন কর পরিশোধে সারাদেশের জমির মালিকদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের খাজনা পরিশোধের আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও স্বচ্ছ করতে এখন ঘরে বসেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে। এজন্য নাগরিকদের সরকারি পোর্টাল land.gov.bd–এ নিবন্ধন করে খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য দিয়ে কর পরিশোধ করতে হবে। মোবাইল ব্যাংকিং ও ব্যাংক কার্ডের মাধ্যমেও অর্থ জমা দেওয়া যাবে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে আইন অনুযায়ী বকেয়ার ওপর অতিরিক্ত সুদ আরোপ হতে পারে। তাই আর্থিক বছর শেষ হওয়ার আগেই নাগরিকদের খাজনা পরিশোধের পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মতে, অনলাইন পদ্ধতি চালুর ফলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন কমবে এবং ভূমি কর আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।