শিরোনাম

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস, আটক ১

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বনদস্যু বাহিনীর আস্তানা ধ্বংস, আটক ১

সুন্দরবনে বিশেষ অভিযানে করিম শরীফ বাহিনীর একটি আস্তানা ধ্বংস করেছে কোস্টগার্ড। অভিযানে আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫) নামে এক সক্রিয় বনদস্যুকে আটক করা হয়েছে। একই সঙ্গে ডাকাতি, বন্যপ্রাণী শিকার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা উপজেলার আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে এক সদস্যকে আটক করা হয়।

অভিযানে ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, এয়ারগানের গুলি, টেলিস্কোপ, সোলার প্যানেল, ব্যাটারি, ওয়াকিটকি চার্জার, হরিণের মাথা, সিগারেট, খাদ্যসামগ্রী ও একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মোংলা কোস্টগার্ড বেইস ও পুলিশের যৌথ অভিযানে মোরেলগঞ্জ উপজেলার তার বাড়ি থেকে আরও সরঞ্জাম উদ্ধার করা হয় এবং ব্যবহৃত আস্তানাটি ধ্বংস করা হয়।

কোস্টগার্ডের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় এবং বন্যপ্রাণী শিকারের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর