শিরোনাম

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশন সফল করতে নীলফামারীতে প্রস্তুতি সভা

ডাকঘর কর্মচারীদের আমরণ অনশন সফল করতে নীলফামারীতে প্রস্তুতি সভা

শাখা ডাকঘর কর্মচারীদের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ জুন ঢাকায় ঘোষিত আমরণ অনশন কর্মসূচি সফল করতে নীলফামারীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে নীলফামারী প্রধান ডাকঘর প্রাঙ্গণে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হোসেইন সেলিম রেজা। জেলা শাখার আহ্বায়ক জিকরুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব জামিল আহমেদ।

সভায় আরও বক্তব্য দেন শাখা পোস্টমাস্টার আকরাম খান, রেজওয়ান আহমেদ, ওয়াহেদুল ইসলাম এবং আনিসুর রহমান।

বক্তারা জানান, আগামী ৮ জুন ঢাকার ডাকঘর ভবনে নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরণ অনশন কর্মসূচি পালিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার মতো নীলফামারীর ১০৭টি শাখা ডাকঘরের কর্মীরাও অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে হোসেইন সেলিম রেজা বলেন, ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও শাখা ডাকঘরের কর্মীরা সামান্য সম্মানী পেয়ে থাকেন। তাদের জন্য কোনো বেতন কাঠামো, উৎসব ভাতা বা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নেই। ফলে দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন।

সংগঠনের জেলা সদস্য সচিব জামিল আহমেদ বলেন, শাখা ডাকঘরের কর্মীরা বর্তমানে মাসে চার হাজার টাকার কিছু বেশি সম্মানী পান, যা দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য। তিনি কর্মীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, অবিভাগীয় ডাক কর্মচারী হিসেবে স্বীকৃতি, স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, আট ঘণ্টা কর্মসময় নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, নিয়োগ ও অবসরকালীন সুবিধাসহ নয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন শাখা ডাকঘরের কর্মীরা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর