শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাউস্ট)-এ অনুষ্ঠিত হয়েছে ‘বাউস্ট ক্রিয়েটিভ মাইন্ডস এক্সপো ২.০’। বুধবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে দিনব্যাপী আয়োজিত এ এক্সপোর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
সকালে একাডেমিক ভবনের প্রধান ফটকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এক্সপোর কার্যক্রম শুরু হয়। পরে উপাচার্য প্রদর্শিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে সৃজনশীল চিন্তা, গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে উৎসাহিত করবে।
এক্সপোতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম, প্রযুক্তিভিত্তিক সমাধান, প্রকৌশল নকশা, সফটওয়্যার উন্নয়ন, স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং শিল্প-প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, বিদ্যুৎ ও শক্তি, উৎপাদন প্রযুক্তি এবং টেকসই উন্নয়নভিত্তিক নানা ধারণা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রকল্পের উদ্দেশ্য, কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত ধারণা দেন।
দিনব্যাপী আয়োজন শেষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৃজনশীলতা, উদ্ভাবন এবং উপস্থাপনার উৎকর্ষতার ভিত্তিতে নির্বাচিত সেরা প্রকল্পগুলোকে পুরস্কৃত করা হয়। উপাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘বাউস্ট ক্রিয়েটিভ মাইন্ডস এক্সপো ২.০’ শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি, গবেষণামুখী মনোভাব গড়ে তোলা এবং একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে।