লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার আরও এক প্রবাসী নিহত হয়েছেন। নিহত শুভ কুমার দাস (২৮) কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের সুরঞ্জন দাসের ছেলে।
মঙ্গলবার (১২ মে) রাতে পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, সোমবার (১১ মে) রাতে লেবাননের মাইফাদুন এলাকায় চলাচলের সময় তিনি হামলার শিকার হন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে লেবাননে থেকে বাড়ি ও বাগান দেখাশোনার কাজ করতেন শুভ। তার আয়ে চলত পরিবারের সংসার। মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে গ্রামে শোকের ছায়া নেমে আসে।
এ নিয়ে লেবাননে চলমান সংঘাতে সাতক্ষীরার তিন প্রবাসীর মৃত্যু হলো। এর আগে সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম ও আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ নিহত হন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব কুমার দত্ত জানান, সরকারি প্রক্রিয়ায় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।