বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এ দিনব্যাপী সাইবার নিরাপত্তাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মশালায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সাইবার নিরাপত্তা, নেটওয়ার্ক সিকিউরিটি ও আধুনিক প্রযুক্তিনির্ভর ঝুঁকি মোকাবিলায় ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রধান বক্তা ছিলেন ক্রিয়েটিভ আইটির নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের সিইও রাফসান আনোয়ার। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট শিহাব হোসেন রাফাত। তারা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ইনসিডেন্ট রেসপন্সসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার। সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. নাকীব হায়াৎ চৌধুরী।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, প্রযুক্তিনির্ভর বিশ্বে সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।