বরিশালে কোস্টগার্ড ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাটকা ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।
রবিবার (১৭ মে) আনুমানিক ৩টা ৩০ মিনিটে ভুখাইনগর নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছবোঝাই একটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার তল্লাশিতে প্রায় ৪০০ কেজি জাটকা ইলিশ ও ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান-এর দিকনির্দেশনায় সহকারী মৎস্য কর্মকর্তা আলী হাসান। এতে কোস্টগার্ডও সহযোগিতা করে।
জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার দেশের সম্পদের ক্ষতি করছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান নিয়মিতভাবে চলবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।