শিরোনাম

মানবসেবার প্রত্যয়ে রোটারি ক্লাব অব রংপুরের নতুন কর্মবর্ষের যাত্রা

মানবসেবার প্রত্যয়ে রোটারি ক্লাব অব রংপুরের নতুন কর্মবর্ষের যাত্রা

মানবসেবা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণের অঙ্গীকার নিয়ে নতুন কর্মবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে রোটারি ক্লাব অব রংপুর। নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলনের নেতৃত্বে বুধবার (১ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।

ভোর থেকে শুরু হওয়া কর্মসূচির মধ্যে ছিল জেলা মডেল মসজিদে ফজরের নামাজ শেষে দোয়া, নগরীর আলমনগর স্কুল অ্যান্ড কলেজে মৌসুমি ফল বিতরণ, রংপুর টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি, জ্ঞানগৃহ স্কুল ও কারমাইকেল কলেজে বৃক্ষরোপণ, অসহায় মানুষের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, রোগীদের খোঁজখবর নেওয়া, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা। দিনব্যাপী এসব কর্মসূচিতে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দুপুরে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের রোটারি সেন্টারে আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দায়িত্ব গ্রহণ শেষে অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন বলেন, ‘রোটারির মূল দর্শন হলো—সেবাই সর্বোচ্চ ধর্ম। এই আদর্শকে সামনে রেখে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সহায়তামূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও নতুন কমিটির অন্যতম লক্ষ্য।’

তিনি আরও বলেন, রোটারি ক্লাব অব রংপুর অতীতের ধারাবাহিকতা বজায় রেখে স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সমন্বয় করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র রোটারিয়ান, দিনাজপুর ও লালমনিরহাটের রোটারিয়ান, ক্লাবের সদস্য এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, ঐক্য, সেবা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে রোটারি ক্লাব অব রংপুর আগামী দিনেও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

নতুন কর্মবর্ষের শুরুতেই সেবামূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক সাড়া পড়েছে। সংশ্লিষ্টদের আশা, মানবকল্যাণকে সামনে রেখে রোটারি ক্লাব অব রংপুরের এই নতুন যাত্রা সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর