শিরোনাম
স্থানীয়দের উদ্বেগ

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদের পাড় দখল করে দোকান নির্মাণের অভিযোগ

বাবুরহাটে ব্রহ্মপুত্র নদের পাড় দখল করে দোকান নির্মাণের অভিযোগ
ছবি: প্রতিনিধি

নরসিংদীর শেখেরচর–বাবুরহাট এলাকায় প্রাচীন ব্রহ্মপুত্র নদের পাড় দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে। ‘প্রাচ্যের মানচেস্টার’ খ্যাত দেশের বৃহত্তম কাপড়ের হাট বাবুরহাট এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এসব স্থাপনা নদীর জায়গা দখল করছে বলে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় দোকানপাট গড়ে উঠলেও সম্প্রতি নদীর জমি দখল করে নতুন স্থাপনা নির্মাণের প্রবণতা বেড়েছে। এতে একটি প্রভাবশালী চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, শেখেরচর–বাবুরহাট বণিক সমিতির কিছু সদস্য ও শিলমান্দী ইউনিয়ন ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে এসব দোকান নির্মাণ ও বাণিজ্য চলছে। তাদের দাবি, প্রথমে এসব দোকান ভাড়া দেওয়া হয় এবং পরে ৪ থেকে ৫ লাখ টাকায় ‘নামে-বেনামে’ বিক্রি করে দেওয়া হয়।

বোরহান উদ্দিন, সভাপতি, 
শেখেরচর বাবুর হাট বর্ণিক সমিতি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাবুরহাট বণিক সমিতির সভাপতি ও শিলমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন। তিনি বলেন, “সমিতির কোনো সদস্য এ ধরনের দখল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এটি সম্পূর্ণভাবে ভূমি অফিস ও সদর উপজেলা ভূমি অফিসের বিষয়। বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন লোক নদীর জায়গা দখল করেছে, সরকার বদলায়, দখলদার বদলায়, কিন্তু দখল বন্ধ হয় না।”

আলমগীর হোসেন, ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা,
শিলমান্দী ইউনিয়ন ভুমি অফিস

অন্যদিকে শিলমান্দী ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন জানান, রাতের অন্ধকারে এসব অবৈধ দোকানপাট নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, “আমরা ইতোমধ্যে কিছু দোকান উচ্ছেদ করেছি, কিছু মামলা-মোকদ্দমা চলমান রয়েছে। ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী সরকারি জায়গা দখলের সঙ্গে জড়িত নয়।”

এদিকে নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত উচ্ছেদ অভিযান না চালালে ব্রহ্মপুত্র নদের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর