শিরোনাম

সাময়িক বরখাস্ত ববির বেপরোয়া কর্মকর্তা সেলিনা

সাময়িক বরখাস্ত ববির বেপরোয়া কর্মকর্তা সেলিনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠায় তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে পৃথকভাবে তদন্ত কমিটি গঠন করা হতে পারে এবং তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে খেলোয়াড় ও শিক্ষার্থীরা দাবি করেছেন, প্রশাসনিক অব্যবস্থাপনা ও দপ্তরের অসহযোগিতার কারণে তারা আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে অংশ নিতে পারেননি এবং গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে গিয়ে নানা ভোগান্তির মুখে পড়েছেন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় কাগজপত্র, অনুমতি ও আনুষ্ঠানিক সহায়তা না পাওয়ায় খেলায় অংশগ্রহণ ব্যাহত হয়।

ফুটবল দলের অধিনায়ক মো. রুবেল অভিযোগ করে বলেন, দপ্তরের সমন্বয়হীনতার কারণে দলটি চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নির্ধারিত ম্যাচে অংশ নিতে পারেনি। এমনকি প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা না দেওয়ার অভিযোগও তিনি করেন।

অন্যদিকে, বিষয়টি ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

প্রশাসন জানিয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর