নীলফামারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৩০ মে) জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু এবং জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা।
এদিকে একই দিন কিশোরগঞ্জ উপজেলাতেও উপজেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হাসান টিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।