বরিশালের গৌরনদীতে ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার কাসেমাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কাসেমাবাদ-হরিসেনাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভে শতাধিক গ্রামবাসী অংশ নেন। সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় ৩০ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভ্যানচালক মঞ্জু বেপারী হত্যার প্রায় পাঁচ মাস পার হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় শিক্ষক হুমায়ুন কবির বলেন, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারি রাতে কাসেমাবাদ এলাকায় বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ভ্যানচালক মঞ্জু বেপারী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।