ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষার প্রশ্নে চীনের প্রতি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে বক্তব্য দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্টভাবে বলেন, কোনো রাষ্ট্রের একক আধিপত্য মেনে নেওয়া হবে না এবং মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে।
তবে কৌশলগত সতর্কবার্তার পাশাপাশি তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর তুলনায় ইতিবাচক পর্যায়ে রয়েছে। সামরিক যোগাযোগ বৃদ্ধি এবং নিয়মিত সংলাপের মাধ্যমে দুই দেশ সম্পর্ক ব্যবস্থাপনায় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, একটি মুক্ত, উন্মুক্ত ও ভারসাম্যপূর্ণ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার, যেখানে কোনো একক শক্তির প্রভাব বিস্তার গ্রহণযোগ্য হবে না।