বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) কিশোরগঞ্জ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
সভায় ঈদের আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজই আগামীর বাংলাদেশ গঠনের প্রধান শক্তি। তিনি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং মাদক নিয়ন্ত্রণে যুবকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।