পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও মাদকের ঝুঁকির কারণে তরুণ-কিশোররা ক্রমেই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে।
রোববার (৩১ মে) পঞ্চগড়ের বোদা সরকারি অডিটোরিয়ামে জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া বোদা টু স্টার ফুটবল একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় সরকার ‘নতুন কুঁড়ি-২৬’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। অভিভাবকদেরও সন্তানদের মাঠমুখী করতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ প্রজন্ম গড়ে তোলা সম্ভব। বোদা টু স্টার ফুটবল একাডেমির সাফল্য উত্তরাঞ্চলের তরুণদের সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত। এ কারণে বোদা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কৃতি খেলোয়াড়দের মেডেল, ট্রফি ও ক্রেস্ট প্রদান করেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে বোদা টু স্টার ফুটবল একাডেমিকে ২০ হাজার টাকা অনুদান দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, একাডেমির প্রতিষ্ঠাতা ও কোচ মোফাজ্জল হোসেন বিপুল, পরিচালক মাহমুদুল হাসান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।