ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে “এস আলমের দোসর” আখ্যা দিয়ে তার অপসারণ ও ব্যাংক দখলমুক্ত রাখার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টায় নগরীর বগুড়ারোড ইসলামী ব্যাংক শাখার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ব্যাংকের গ্রাহকদের এক ঘণ্টা লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হলে উপস্থিত গ্রাহকরা তা পালন করেন। এতে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক আব্দুর রব।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান প্রশাসনিক কাঠামো ও নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব ও অনিয়ম চলছে, যা ব্যাংকের সুনাম ও গ্রাহকের আস্থা ক্ষতিগ্রস্ত করছে। তারা বলেন, এসব অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শত শত গ্রাহক অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার দাবি জানান এবং বর্তমান ব্যবস্থাপনার বিরুদ্ধে ৮ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যাংকের পরিবেশ নষ্টের অভিযোগে এএমডি কামাল উদ্দিন জসীমের অপসারণ, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল, বাংলাদেশ ব্যাংকের অবৈধ হস্তক্ষেপ বন্ধ, এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ইসলামী ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধ, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং এস আলম গ্রুপ সংশ্লিষ্ট বিষয়ে বিচার কার্যকর করা।
এছাড়া বক্তারা দাবি করেন, ব্যাংকের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে।