শিরোনাম
৭২ ঘণ্টার আল্টিমেটাম

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ওয়াপদা মোড়ে "মাদকের আস্তানা ওয়ার্ডে রাখবো না, মাদক ব্যবসায়ীর ঠাঁই ওয়ার্ডে হবে না"—এই স্লোগানে প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ওয়াপদা মোড় ইউনিটের সভাপতি আব্দুস সামাদ, সৈয়দপুর ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সেনাসদস্য রুহুল আমিন, সাবেক পৌর কাউন্সিলর সাবিহা সুলতানা, এনামুল হক ও আনোয়ার হোসেনসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা মোড়, নতুনহাট, ঘোড়াঘাট ও গোলাহাট এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের দাবি, মাঝে মাঝে পুলিশের অভিযানে কেবল মাদকসেবীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী যেকোনো জনসচেতনতামূলক উদ্যোগকে পুলিশ স্বাগত জানায় এবং প্রয়োজনীয় সহযোগিতা করে। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধি পেলে মাদক নির্মূলে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর