শিরোনাম

কলারোয়ায় গ্রাহকের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ, টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

কলারোয়ায় গ্রাহকের প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ, টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১৩৬ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা সংগ্রহ করে আত্মসাতের অভিযোগ উঠেছে আল আমিন ফ্যাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ওমর ফারুক সবুজসহ সংশ্লিষ্টরা গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে রয়েছেন।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আমানতের অর্থ ফেরতের দাবিতে শনিবার (৬ জুন) সকাল ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা।

মানববন্ধনে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর সিদ্দিক, জাহানারা খাতুন, আব্দুস সাত্তার, সাবিনা খাতুনসহ ভুক্তভোগী গ্রাহকরা।

বক্তারা অভিযোগ করেন, অধিক লাভের আশ্বাস দিয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১৩৬ জন গ্রাহকের কাছ থেকে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। পরে গ্রাহকদের কোনো অর্থ ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির মালিক ও কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তারা কোনো প্রতিকার পাননি।

ভুক্তভোগী জাহানারা খাতুন বলেন, “মেয়ের বিয়ের জন্য কষ্ট করে জমানো চার লাখ টাকা ওই প্রতিষ্ঠানে জমা রেখেছিলাম। কিন্তু আজ পর্যন্ত একটি টাকাও ফেরত পাইনি।”

আরেক ভুক্তভোগী সাবিনা খাতুন বলেন, “হোটেলে শ্রমিকের কাজ করে ৬৩ হাজার টাকা জমিয়েছিলাম। সব টাকা নিয়ে প্রতারকরা উধাও হয়ে গেছে। এখন অসুস্থ হলেও ওষুধ কেনার সামর্থ্য নেই। আমি আমার টাকা ফেরত চাই এবং প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুক সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, গ্রাহকদের টাকা ‘হেড অফিসে’ জমা হয়নি। প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জমি ক্রয়ের কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে স্থানীয় কর্মচারী আবু সাঈদ সবুজ দায়ী।”

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার এবং তাদের আমানতের অর্থ ফেরত দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর