বরিশাল প্রতিনিধি: ঢাকার সদরঘাটে ঈদ-উল-ফিতরের আগে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর এলাকার সোহেল ফকিরের পরিবারের হাতে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসানের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সোহেলের মা ও শাশুড়ির হাতে এ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ মালিকপক্ষের কাছ থেকেও অতিরিক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোহেলের শাশুড়ি সালমা বেগম জানান, প্রতিমন্ত্রীর বাসভবনে ডেকে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। এছাড়া লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষতিপূরণের অর্থ ঢাকায় আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ঈদ-উল-ফিতরের আগে সদরঘাটে সংঘটিত আলোচিত লঞ্চ দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান সোহেল ফকির (২২)। একই ঘটনায় নিহত হন তার বাবা মিরাজ ফকির (৫০) এবং গুরুতর আহত হন সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী রুবা ইসলাম।
দুর্ঘটনার প্রায় তিন মাস পর, গত ৯ জুন রুবা ইসলাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরিবারের সদস্যরা জানান, সোহেলের ইচ্ছা অনুযায়ী নবজাতকের নাম রাখা হয়েছে রাইহান ইসলাম। নবজাতকের আগমনে পরিবারে আনন্দের আবহ সৃষ্টি হলেও বাবাহারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে শোক ও বেদনা এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার।