সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলাকালে মধু সংগ্রহ করে ফেরার পথে ১১০০ কেজি মধুসহ ১১ মৌয়ালকে আটক করেছে বন বিভাগ। এ সময় মধু বহনে ব্যবহৃত দুটি নৌকাও জব্দ করা হয়েছে।
শুক্রবার সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের টেংরাখালী বন টহল ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। বন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ সময়ে সুন্দরবনে প্রবেশ করে মধু সংগ্রহ করছিলেন। পরে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
তবে আটক মৌয়ালদের অভিযোগ, বন বিভাগের এক দালাল পরিচয়ধারী ব্যক্তির মাধ্যমে অর্থের বিনিময়ে চুক্তি করে তারা সুন্দরবনে প্রবেশ করেছিলেন। তাদের দাবি, গত ১ জুন থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ থাকলেও ওই চুক্তির ভিত্তিতেই তারা মধু সংগ্রহে বনে যান। নির্ধারিত সময়ের মধ্যে ফিরতে না পেরে ১২ জুন ফেরার পথে বন বিভাগের হাতে আটক হন।
আটক মৌয়ালদের কয়েকজন বলেন, অর্থের বিনিময়ে বনে প্রবেশের অনুমতি দেওয়ার আশ্বাস পেয়েও এখন তাদের জেল-জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
এদিকে স্থানীয়দের মধ্যেও প্রশ্ন উঠেছে, নিষেধাজ্ঞা চলাকালে কীভাবে মৌয়ালরা সুন্দরবনে প্রবেশ করলেন এবং অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা কতটুকু। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন তারা।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগের বিষয়ে বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।