শিরোনাম

মরা খালে ফিরেছে প্রাণ, পানির প্রবাহ দেখে মুগ্ধ এমপি মুনতাকিম

মরা খালে ফিরেছে প্রাণ, পানির প্রবাহ দেখে মুগ্ধ এমপি মুনতাকিম

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দীর্ঘদিনের মৃতপ্রায় ধাইজান খালে খনন কার্যক্রমের মাধ্যমে ফিরেছে প্রাণ। প্রায় দেড় কিলোমিটার খাল পুনঃখননের ফলে পানির প্রবাহ সৃষ্টি হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। খালটি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী গ্রামে খননকৃত খাল পরিদর্শনে গিয়ে এমপি মুনতাকিম বলেন, “দীর্ঘদিন পর খালটিতে পানির প্রবাহ ফিরে এসেছে। এটি কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল খননের বিকল্প নেই। দেশের খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”
স্থানীয় বাসিন্দারা জানান, একসময় সম্পূর্ণ মৃত হয়ে পড়া খালটি পুনঃখননের ফলে এখন পানিতে ভরপুর। এতে সেচ সুবিধা বাড়বে এবং আশপাশের কৃষিজমিতে ফসল উৎপাদন সহজ হবে। খালের পাশের জমির মালিকদের মধ্যেও দেখা দিয়েছে নতুন আশাবাদ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান, পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ এবং পুটিমারী ইউনিয়ন জামায়াতের আমির আফজালুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ী মৌজায় আরএস ৬৯, ১৫৭ ও ৪৩৬ দাগভুক্ত প্রায় দেড় কিলোমিটার খাল ৩৮ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে পুনঃখনন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, খননকাজ সম্পূর্ণ হলে খালটি শুধু সেচ সুবিধাই বাড়াবে না, বরং এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করে সবুজ বিপ্লবের পথও সুগম করবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর