রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত সোহেলি ইসলাম (৪৫) নামে এক নারী চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা গেছেন। দীর্ঘদিন ধরে একমাত্র মেয়েকে নিয়ে একাই জীবনসংগ্রাম চালিয়ে আসছিলেন তিনি।
জানা যায়, গত শনিবার (৬ জুন) রাতে বাসযোগে ঢাকা ফিরছিলেন সোহেলি ইসলাম। রোববার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষার পর রিকশাযোগে বাসার উদ্দেশে রওনা হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গেট সংলগ্ন এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চলন্ত রিকশা থেকে তাকে ফেলে দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার সময় তার একমাত্র মেয়ে পাশে ছিল। চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর তিনি মারা যান।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে একাই মেয়েকে বড় করে তুলছিলেন সোহেলি। কয়েক বছর আগে তার বাবা-মাও মারা যান। নানা প্রতিকূলতার মধ্যেও মেয়েকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারও করা হয়নি। তবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এমন ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধীদের গ্রেপ্তার এবং কার্যকর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।