বিপ্লব দাশ, বান্দরবান >বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এসএম জিয়াউদ্দিন জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন। নির্বাচন পরিচালনায় ছিলেন রাজধানী টিভির প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম ও কালবেলা পত্রিকার প্রতিনিধি সুজন চৌধুরী। তাদের সহায়তা করেন লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং থানচি প্রেসক্লাবের সভাপতি মংবাথোয়াই মার্মা অনুপম।
দীর্ঘ প্রায় ২৭ বছর পর নানা জটিলতা কাটিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটকেন্দ্র ঘিরে ছিল উৎসবের আমেজ। রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত থেকে ভোট উৎসব উপভোগ করেন।
সভাপতি পদে এসএম জিয়াউদ্দিন জুয়েল ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপু তঞ্চঙ্গ্যা পান ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে মো. আতিকুর রহমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রহমান পেয়েছেন ৬ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার মো. জসিম উদ্দিন ও নির্বাচন পরিচালক মো. তৌহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে সভাপতি পদে এসএম জিয়াউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান এবং কোষাধ্যক্ষ পদে মো. আতিকুর রহমানকে বিজয়ী ঘোষণা করেন।
নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংবাদিক বিপ্লব দাশ, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।