শিরোনাম
সংবাদ সম্মেলনে নারীর অভিযোগ, আদালতে মামলা; অভিযোগ অস্বীকার অভিযুক্তের

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ

জামালপুরে বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণা, অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগ

জামালপুর প্রতিনিধি> জামালপুরে সংবাদ সম্মেলন করে মাদারগঞ্জ উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে জমি কেনার নামে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ, অপহরণ এবং যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন এক নারী। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেছেন বলে জানিয়েছেন।

বুধবার (২ জুলাই) রাতে জামালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মুর্শেদা আক্তার মিহা অভিযোগ করেন, মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জমি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ১৭ লাখ ৬০ হাজার টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নেন। পরে টাকা ফেরত চাইলে তাকে একাধিকবার জোরপূর্বক আটকে রাখা হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, একপর্যায়ে তাকে ও তার শিশুসন্তানকে অপহরণ করে অচেতনকারী পদার্থ খাইয়ে ভয়ভীতি দেখিয়ে সাদা স্ট্যাম্প ও কাগজে স্বাক্ষর নেওয়া হয়। এছাড়া আগের স্বামীকে তালাক, নিজামের সঙ্গে বিয়ে এবং পরে তাকে তালাক দেওয়ার কথিত জাল নথিতে টিপসই নেওয়া হয়। এরপর জামালপুর শহরের বোসপাড়া এলাকার একটি বাসায় ১১ দিন অবরুদ্ধ রেখে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার যৌন নিপীড়ন করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করে তা প্রকাশের হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী জানান, এসব ঘটনার বিচার চেয়ে গত ৩০ জুন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করেছেন। মামলা করার পর থেকে তাকে ও তার বর্তমান স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত মুর্শেদা আক্তারের স্বামী, প্রবাসী সেলিম মিয়া, বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার স্ত্রীর ছবি ও অশালীন ভিডিও তৈরি করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, মুর্শেদা আক্তার তার তৃতীয় স্ত্রী। অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন।

(উল্লেখ্য, অভিযোগের বিষয়ে মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।)

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর