রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আট বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামের নির্মল চন্দ্র রায় (৭৭) এবং তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৪০)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মল চন্দ্র রায়, তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং নাতি বন্ধন চন্দ্র রায় মোটরসাইকেলে করে বড়াইবাড়ি তুলশীহাটে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা জুট মিলসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় প্রশান্ত চন্দ্র রায় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শিশু বন্ধন চন্দ্র রায় বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি রেখে পালিয়ে যান। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।