শিরোনাম

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) জেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলার ৫০টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসন ও বিআরটিএ জেলা সার্কেলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়। আর্থিক সহায়তা তাদের কষ্ট কিছুটা লাঘব করতে পারে, তবে প্রিয়জন হারানোর বেদনা অপূরণীয়।

তিনি বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। দুর্ঘটনা কমাতে চালক, পথচারী এবং সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। রাস্তা পারাপারে সতর্কতা, ট্রাফিক আইন মেনে চলা এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে সচেতন করতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি যানবাহন চালকদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থেকে ট্রাফিক সিগন্যাল মেনে চলার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন শ্রমিক-মালিক প্রতিনিধি, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

এদিন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে ময়মনসিংহ জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

ময়মনসিংহ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সুধীজন অংশ নেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর