সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি>
নীলফামারীর সৈয়দপুরে মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গোলাহাট বধ্যভূমি অরক্ষিত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দুই স্থাপনায় নিয়মিত মাদকসেবীদের আড্ডা ও জুয়ার আসর বসছে। ইতোমধ্যে স্মৃতিসৌধের স্টিলের গ্রিল এবং বধ্যভূমির প্রধান ফটক চুরি হয়েছে।
স্থানীয়দের দাবি, রক্ষণাবেক্ষণের অভাবে স্মৃতিসৌধটি জঙ্গলে পরিণত হয়েছে। মাদকাসক্তরা নেশার টাকার জন্য গ্রিলসহ বিভিন্ন মালামাল চুরি করছে। এ ঘটনায় এলাকাবাসী গত ৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ইউএনও ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।