চট্টগ্রামে সম্পত্তি বিক্রি ঠেকাতে বাবাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ছেলে বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই ঘটনায় তার ভায়রা জলিলকেও গ্রেপ্তার করা হয়েছে।
পিবিআই জানায়, নিহত মীর মুজিবুর রহমান (৬০) পেশায় বাবুর্চি ছিলেন। ২০২৪ সালের ৭ জুন নগরের হালিশহর রিংরোড এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হলেও পরিচয় শনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবে দাফন করা হয়।
তদন্তে জানা যায়, বাবার অবশিষ্ট ভিটেমাটি বিক্রি ঠেকাতে বেলাল পরিকল্পিতভাবে এক নারীকে দিয়ে মুঠোফোনে সম্পর্ক গড়ে তোলেন। দেখা করার কথা বলে বাবাকে চট্টগ্রাম শহরে ডেকে এনে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয়। পরে হাইয়েস মাইক্রোবাসে তুলে আউটার রিংরোড এলাকায় নিয়ে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয়।
পরে নিহতের মেয়ে সালমা বেগম বাবার নিখোঁজের ঘটনায় আদালতে মামলা করলে তদন্তভার পায় পিবিআই। তদন্ত শেষে বেলাল ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। আদালতে বেলাল সম্পত্তির লোভে বাবাকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।