ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস, ফলবাহী ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী আল-আমিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ফলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।
দুর্ঘটনায় বাস ও পিকআপের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এছাড়া বাসের কয়েকজন যাত্রীও আহত হন।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয় এবং যান চলাচল স্বাভাবিক করে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।