বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশুদের স্কুল থেকে ঝরে পড়া প্রতিরোধে গণমাধ্যমের কার্যকর ভূমিকা জোরদারের আহ্বান জানিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম।
বুধবার (১৭ জুন) বিকেলে জামালপুর পৌর শহরের দেউরপাড় চন্দ্রা এলাকায় উন্নয়ন সংঘের বিটিআরসি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন।
সভায় প্রেসক্লাব জামালপুরের সভাপতি মো. মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর ফারাজীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ২০২১ সালের অক্টোবর থেকে শুরু হওয়া প্রকল্পটি ২০৩৩ সাল পর্যন্ত চলবে। শুরুতে কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডে কার্যক্রম সীমিত থাকলেও বর্তমানে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ১০টি ওয়ার্ডে বিস্তৃত হয়েছে।
প্রায় আড়াই হাজার শিশুকে নিয়ে প্রকল্পটি কাজ করছে। ঝরে পড়া ও শিশুশ্রমে জড়িত শিশুদের স্কুলে ফিরিয়ে আনা, নিয়মিত পাঠে সম্পৃক্ত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক পর্যায়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়া দরিদ্র পরিবারের জন্য জীবিকায়ন কর্মসূচির আওতায় নগদ সহায়তা, ছাগল বিতরণ, ক্ষুদ্র ব্যবসা ও আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুষ্টি উন্নয়নে বাড়ির আঙিনায় সবজি বাগান গড়তেও সহায়তা দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, শিশুশ্রম, বাল্যবিবাহ ও স্কুল ঝরে পড়া রোধে সরকার, এনজিও, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।