নীলফামারীর সৈয়দপুরে একটি অসুস্থ চিল উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকা থেকে পাখিটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হলে চিলটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।
জানা গেছে, মন্ডলপাড়ার বাসিন্দা মতিন মন্ডল একটি অসুস্থ চিল দেখতে পেয়ে সেটিকে উদ্ধার করে নিজের হেফাজতে রাখেন। পরে তিনি বিষয়টি পাখি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেনকে জানান।
খবর পেয়ে সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাখিটিকে উদ্ধার করেন। পরবর্তীতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য চিলটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা পাখিটিকে পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
এ সময় সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সদস্য আহসান হাবীব জনি, ফারুক ও রানা উপস্থিত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাখিটির নিয়মিত পরিচর্যা ও চিকিৎসা চলবে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে চিলটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।