ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডীপুর গ্রামে একটি বেগুন খেতে অভিযান চালিয়ে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন একটি বেগুন খেতে অভিযান চালান।
অভিযানকালে চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মণ্ডলের ছেলে ফারুকের বেগুন খেত থেকে প্রায় ৭ ফুট ২ ইঞ্চি উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার গাছগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ফারুক প্রায় পাঁচ মাস ধরে কৌশলে বেগুন খেতের মধ্যে গাঁজার গাছের চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজার গাছগুলো আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটক ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।