শিরোনাম

বৃষ্টি হলেই ডুবে থাকে শ্যামনগরের ইশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

বৃষ্টি হলেই ডুবে থাকে শ্যামনগরের ইশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

মাঠজুড়ে জলাবদ্ধতা, শ্রেণিকক্ষ ও টয়লেটে ঢুকে পড়ে পানি; চরম দুর্ভোগে শিক্ষার্থীরা। 

সুন্দরবনের উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ১৪৯ নম্বর শ্রীফলকাটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষা এলেই দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। বিদ্যালয়ের মাঠজুড়ে হাঁটুসমান পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের প্যান্ট গুটিয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। অনেক সময় বই-খাতা ও স্কুলব্যাগও ভিজে যাচ্ছে। এতে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাঠটি নিচু হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে চারপাশের পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। চলতি বছরও একই চিত্র দেখা দিয়েছে। শুধু মাঠই নয়, বিদ্যালয়ের টয়লেটে যাওয়ার পথও পানিতে তলিয়ে থাকায় শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম গত ৮ জুলাই সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন। আবেদনে বিদ্যালয়ের মাঠ ভরাট এবং স্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।

বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বলেন, সরকার শিশুদের শিক্ষা ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে গুরুত্ব দিলেও জলাবদ্ধতার কারণে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে ক্লাসে অংশ নিতে পারছে না। অনেক অভিভাবক বাধ্য হয়ে সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিচ্ছেন।

স্থানীয়দের দাবি, মাঠ ভরাট ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হলে শুধু শিক্ষার পরিবেশই উন্নত হবে না, শিশুদের খেলাধুলার সুযোগও নিশ্চিত হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন, “শিশুদের কষ্ট দেখে আর চুপ করে থাকা সম্ভব হয়নি। তাই জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বিদ্যালয়ে আসতে পারবে।”

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর