নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরীহাট ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আজম খানের বিরুদ্ধে একক সিদ্ধান্তে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিবর্তনের অভিযোগ উঠেছে।
গভর্নিং বডির সদস্য সাইফুল্লাহ সোহাগ অভিযোগ করেন, পরিচালনা কমিটির অনুমোদন ছাড়াই বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদীকে সরিয়ে শাহ আলামকে দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হয়। এ বিষয়ে সদস্যদের আপত্তির পরও সভাপতি সিদ্ধান্তে অনড় থাকেন।
অভিযোগে বলা হয়, ৭ জুলাই রাতে অধ্যক্ষের অনুমতি ছাড়াই তার কক্ষ খুলে দাপ্তরিক নথিপত্র, সিল ও প্যাড ব্যবহার করে দায়িত্ব পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হয় এবং কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে শাহ আলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অভিনন্দন জানিয়ে পোস্ট দেওয়া হয়।
গভর্নিং বডির আরও দুই সদস্য ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শাদী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, বিধি অনুযায়ী গভর্নিং বডির অনুমোদন ও যথাযথ প্রক্রিয়া ছাড়া এমন সিদ্ধান্ত বৈধ নয়।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আজম খানের বক্তব্য পাওয়া যায়নি।