শিরোনাম

পার্বতীপুরে ইউএনও সাদ্দাম হোসেনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পার্বতীপুরে ইউএনও সাদ্দাম হোসেনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

জানা গেছে, গত ৬ জুলাই রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ইউএনও মো. সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার নবগঠিত ভূল্লী উপজেলায় বদলি করা হয়। এ খবরে পার্বতীপুরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, ইউএনও সাদ্দাম হোসেন দায়িত্ব গ্রহণের পর সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, উন্নয়ন কর্মকাণ্ড এবং ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। এ অবস্থায় তার বদলি উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বদলির আদেশ প্রত্যাহার না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর