বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রয়েছে। বিক্ষোভের কারণে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ায় স্বাস্থ্যসেবায় অচলাবস্থার আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আন্দোলনকারীরা পরিচালকের কক্ষের দরজার তালা ও হাতল ভাঙা অবস্থায় দেখতে পান। এর প্রতিবাদে তারা কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে উপপরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে অবস্থান করলেও দাপ্তরিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।
আন্দোলনকারীদের দাবি, জুলাই আন্দোলনবিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ গ্রহণযোগ্য নয়। তারা বলেন, পদায়নের আদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিভাগীয় উপপরিচালক ডা. লোকমান হাকিম বলেন, চলমান পরিস্থিতিতে স্বাস্থ্য প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
এর আগে গত ৭ জুলাই ‘বরিশাল বিভাগের সর্বস্তরের চিকিৎসক, নার্স, কর্মচারী ও সাধারণ জনগণ’-এর ব্যানারে আন্দোলনকারীরা নবনিযুক্ত স্বাস্থ্য পরিচালক ডা. এস. এম. মনিরুজ্জামানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
পরদিন সকালে তিনি তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলে বিষয়টি জানাজানি হওয়ার পর একদল শিক্ষার্থী কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আন্দোলনকারীদের দাবির মুখে তিনি কার্যালয় ত্যাগ করেন। এরপর তার কক্ষে পুনরায় তালা ঝুলিয়ে দেওয়া হয়।
জানা গেছে, গত ৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে ডা. এস. এম. মনিরুজ্জামান বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে যোগদান করেন। যোগদানের পরদিন থেকেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা তার পদায়নের প্রতিবাদে আন্দোলনে নামেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন বলেন, অতীতে জুলাইবিরোধী শান্তি সমাবেশে নেতৃত্ব দেওয়ার অভিযোগের ভিত্তিতে ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবি জানানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময়েও একই অভিযোগে তাকে সাতক্ষীরায় বদলি করা হয়েছিল।