নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও নবজাতকের মৃত্যুহার কমানোর লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে নোঙর করা ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’-তে প্রথাগত ধাত্রীদের (ট্র্যাডিশনাল বার্থ অ্যাটেনডেন্ট-টিবিএ) নিয়ে সাত দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন ধাত্রী অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
ভাসমান হাসপাতাল ইমপ্যাক্ট ‘জীবন তরী’র উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে নিরাপদ প্রসব পরিচালনার কৌশল, গর্ভাবস্থার ঝুঁকির লক্ষণ শনাক্তকরণ, প্রসবকালীন স্বাস্থ্যবিধি, নবজাতকের তাৎক্ষণিক পরিচর্যা, অতিরিক্ত রক্তক্ষরণ ও প্রসবকালীন খিঁচুনি মোকাবিলা, জরুরি পরিস্থিতিতে প্রসূতিকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ এবং সংক্রমণ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন ট্রেইনার মোসা. জাহানারা বেগম।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৪ মাসে ভাসমান হাসপাতালটি ৫০ হাজার ২৫৮ জন রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছে। এ সময়ে মোট এক হাজার ৩৭৪টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে এক হাজার ২০১টি চোখের অপারেশন, ১৬৫টি টনসিল অপারেশন এবং আটটি ক্লাবফুট (মুগুর পা) অস্ত্রোপচার। এছাড়া ছয়জন রোগীর কানের পর্দার অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।
ভাসমান হাসপাতাল ইমপ্যাক্ট ‘জীবন তরী’র প্রশাসক এ.কে.এম. সহিদুল হক বলেন, গ্রামীণ পর্যায়ে প্রথাগত ধাত্রীদের দক্ষ করে তুললে প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ লক্ষ্যেই তাদের আধুনিক স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত করতে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, জীবন তরী শুধু চিকিৎসাসেবা নয়, মাতৃস্বাস্থ্য উন্নয়ন, জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ধাত্রী প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল ভাসমান হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, তথ্য কর্মকর্তা সোহা তামান্না, ভাসমান হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।