জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রী ইসমত আরা হত্যা মামলায় স্বামী মো. আনোয়ার হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী ইউনিয়নের লম্বাপাড়া গ্রামের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, মামলার এজাহার, সাক্ষ্য, ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১১ ডিসেম্বর রাত থেকে ১২ ডিসেম্বর ভোরের মধ্যে নিজ বাড়িতে স্ত্রী ইসমত আরাকে গলা টিপে হত্যা করেন আনোয়ার হোসেন। পরে মরদেহ হুরমুজ আলীর বাড়ির সামনে ফেলে রেখে যান। খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পরদিন নিহতের ভাই মজনু মিয়া দেওয়ানগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও আলামত পর্যালোচনা করে আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।