খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে ইমন মাঝি নামে এক হাজতি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
পলাতক হাজতি ইমন মাঝি খুলনার লবণচড়া থানার সাঁচিবুনিয়া সেকলার বটতলা এলাকার আব্দুল মাঝির ছেলে। তিনি সোনাডাঙ্গা থানার একটি চুরি মামলার আসামি হিসেবে খুলনা জেলা কারাগারে হাজতি ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম বলেন, “একজন হাজতি কারাগারের দেয়াল টপকে পালিয়ে গেছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে কারাগারে ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”
হাজতির পলায়নের ঘটনায় কারাগারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কীভাবে তিনি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে দেয়াল টপকে পালাতে সক্ষম হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে কারাগার সূত্র জানিয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পলাতক হাজতিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।