শিরোনাম

নিখোঁজ ৬ জেলের সন্ধানে গভীর সমুদ্রে বানৌজা গোমতির অভিযান

নিখোঁজ ৬ জেলের সন্ধানে গভীর সমুদ্রে বানৌজা গোমতির অভিযান

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয় জেলেকে উদ্ধারে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৈরী আবহাওয়ার মধ্যেও গভীর সমুদ্রে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা গোমতি।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, গত রোববার পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার বৈরী আবহাওয়া ও ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে মোট ১১ জন মাঝিমাল্লা ছিলেন।

দুর্ঘটনার পর পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও বাকি ছয়জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে গভীর সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা গোমতি

নিখোঁজ জেলেরা সবাই পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা। তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। একই সঙ্গে সমুদ্রে অবস্থানরত আশপাশের মাছ ধরার ট্রলারগুলোকে বৈরী আবহাওয়ায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর