শিরোনাম

নতুন তিন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি

নতুন তিন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি

প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও জনসেবার মানোন্নয়নের লক্ষ্যে নতুন তিনটি উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন উপজেলাগুলো হলো—চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্তের আলোকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন—বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভজপুর, হারুয়ালছড়ি ও সুয়াবিল নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। একই সঙ্গে নতুন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অফিস সেট-আপও অনুমোদন দেওয়া হয়েছে।

অন্য প্রজ্ঞাপনে জানানো হয়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন—মশাখালী, পাঁচবাগ, উস্থি, লংগাইর, পাইথল, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠন করা হয়েছে। এ উপজেলার জন্যও প্রয়োজনীয় সরকারি অফিসের সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন—শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধৈইর (পূর্ব), পূর্বধৈইর (পশ্চিম), বাঙ্গরা (পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর (উত্তর) ও টনকী নিয়ে ‘বাঙ্গরা’ নামে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্যও প্রয়োজনীয় অফিস সেট-আপ অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্থানীয় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর