ওয়াশিংটন–কারাকাস উত্তেজনার মধ্যে ভেনেজুয়েলাকে ঘিরে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক পদক্ষেপ ও ভিডিও প্রকাশ।
হোয়াইট হাউসের সরকারি ‘র্যাপিড রেসপন্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিওতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে এমনভাবে দেখানো হয়েছে, যা ‘পার্প ওয়াক’—অর্থাৎ অপরাধীকে জনসমক্ষে হাঁটিয়ে নেওয়ার দৃশ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভিডিওতে কালো হুডি পরা মাদুরোকে একটি করিডোর দিয়ে হাঁটতে দেখা যায়, যেখানে নীল কার্পেটে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর নিউইয়র্ক শাখার নাম লেখা ছিল। ভিডিওটির শিরোনামে লেখা হয়, ‘পার্প ওয়াক সম্পন্ন হয়েছে’। এ সময় মাদুরোকে সেখানে উপস্থিত একজনকে ‘শুভ নববর্ষ’ জানাতেও দেখা যায়। সিএনএন এ তথ্য জানিয়েছে।
এর মধ্যেই ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের খবর সামনে এসেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার গভীর রাতে মার্কিন হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সামরিক সদস্য উভয়ই রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভেনেজুয়েলান কর্মকর্তার প্রাথমিক মূল্যায়নের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, কারাকাস বিমানবন্দরের পশ্চিমে কাতিয়া লা মার এলাকায় একটি তিনতলা আবাসিক ভবনে যুদ্ধবিমান হামলা চালানো হয়। এতে ৮০ বছর বয়সী রোজা গঞ্জালেজসহ তাঁর পরিবারের সদস্যরা নিহত হন। হামলায় উইলম্যান গঞ্জালেস নামে এক ব্যক্তি আহত হন এবং তাঁর বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আরেক প্রতিবেশী ৭০ বছর বয়সী জর্জ জানান, এই হামলায় তিনি সর্বস্ব হারিয়েছেন।
বিবিসি জানিয়েছে, মাদুরোকে আটক করার উদ্দেশ্যে চালানো অভিযানে কারাকাস ও আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণ, আগুন ও ধোঁয়া দেখা গেছে। যাচাই করা ভিডিও অনুযায়ী, অন্তত পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে হামলার প্রমাণ মিলেছে। এর মধ্যে রয়েছে লা কারলোতা বিমানঘাঁটি, ফুয়ের্তে তিউনা সামরিক স্থাপনা, পোর্ত লা গুয়েরা বন্দর, হিগুয়েরোতে বিমানবন্দর এবং মিরান্ডা অঙ্গরাজ্যের এল ভলকান টেলিকম টাওয়ার।
এই ঘটনাগুলো ভেনেজুয়েলা সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
ইসরায়েলি বিমান হামলার ঘটনায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও খবরে উল্লেখ রয়েছে। প্রতিবেদন অনুসারে, বুধবার (১ এপ্রিল) সংঘটিত হামলায় ৮১ বছর বয়সী খারাজি আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল কিনা, নাকি নিকটবর্তী অন্য কোনো স্থাপনায় আঘাত হানার ফলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। উল্লেখ্য, কামাল খারাজি সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এ হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে এবং চলমান সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে।
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পার হলেও এখনও জনসাধারণের সামনে উপস্থিত হননি। এর ফলে তাঁর অবস্থান ও নিরাপত্তা নিয়ে ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হওয়ার পর মোজতবা খামেনি ভাগ্যক্রমে বেঁচে যান। এরপর তিনি রাষ্ট্রীয় বিবৃতির মাধ্যমে নতুন দায়িত্বের খবর দেন, যা ইরানের টেলিভিশনে পড়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি পুরোপুরি সুস্থ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে জনসমক্ষে অনুপস্থিতি স্বাভাবিক। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, “মোজতবা খামেনি অক্ষত আছেন এবং জনসাধারণের সামনে না আসা শুধুমাত্র কৌশলগত সিদ্ধান্ত।” এর আগে ইরানে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত এলেক্সাই দেদভ জানিয়েছেন, সুপ্রিম লিডার ইরানে অবস্থান করছেন, তবে জনসমক্ষে আসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন। নিরাপত্তা ও যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনায় এই অদৃশ্যতা একটি অবাঞ্ছিত না হলেও সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মোজতবা খামেনির এই জনসমক্ষে অদৃশ্যতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক নজরকেও টানে, যেখানে ইরানের নেতৃত্ব ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আন্তর্জাতিক মহলে ক্রমবর্ধমান উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা এবং ‘মাগা’ আন্দোলনের প্রভাবশালী মুখ স্টিভ ব্যানন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানোর দাবি তুলে কঠোর প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) প্রদত্ত এক বক্তব্যে ব্যানন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে উদ্দেশ করে বলেন, মিয়ামিতে অবস্থানরত ইয়ার নেতানিয়াহুকে অবিলম্বে দেশত্যাগে বাধ্য করে সামরিক ইউনিফর্মে সম্মুখযুদ্ধে পাঠানো উচিত। তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ চলাকালে ক্ষমতাধরদের সন্তানরা নিরাপদে অবস্থান করলে তা নৈতিক ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। চলমান ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের সামরিক বাহিনীতে অংশগ্রহণ না করা নিয়ে দেশটির অভ্যন্তরেও সমালোচনা রয়েছে। ব্যাননের বক্তব্যে সেই বিতর্কই আরও উসকে উঠেছে। একইসঙ্গে এই আলোচনার বিস্তার ঘটেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারন ট্রাম্পকে নিয়েও অনলাইনে ব্যঙ্গাত্মক প্রচারণা শুরু হয়েছে, যেখানে প্রভাবশালী ব্যক্তিদের সন্তানদের যুদ্ধে অংশগ্রহণের দাবি উত্থাপন করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রে ‘সিলেক্টিভ সার্ভিস’ ব্যবস্থার আওতায় তরুণদের নিবন্ধন বাধ্যতামূলক, তবে ১৯৭৩ সালের পর থেকে কোনো বাধ্যতামূলক সেনা নিয়োগ কার্যকর হয়নি। এর পাশাপাশি ব্যানন মধ্যপ্রাচ্যে সামরিক কৌশল নিয়েও বিতর্কিত প্রস্তাব দেন। তিনি পারস্য উপসাগরে অবস্থিত ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক মিত্রদের সম্পৃক্ত করার প্রস্তাব দেন। তিনি আরও দাবি করেন, উপসাগরীয় রাজপরিবারের সদস্যদের বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করে সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া উচিত। তার এই বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নৈতিকতা, ক্ষমতার ভারসাম্য এবং যুদ্ধের দায়ভার নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে। বিশ্লেষকদের মতে, স্টিভ ব্যাননের এ ধরনের মন্তব্য কেবল রাজনৈতিক অবস্থানই নয়, বরং চলমান সংঘাতকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলতে পারে।