ভূমি জরিপ অধিদপ্তরের অসাধু কয়েক কর্মকর্তা সহ স্থানীয় জমির দালাল কর্তৃক সম্পন্ন হওয়া সকল কার্যক্রম বাতিলের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা। রোববার (২২ ফ্রেব্রুয়ারী) সকাল সোয়া ১০ টায় দপদপিয়া চৌমাথা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ঘণ্টাব্যাপী ওই এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবাসী মো. শহিদুল ইসলাম খান, অব. শিক্ষা অফিসার মো. শাহআলম বখতিয়ার, স্থানীয় মো. লুৎফর রহমান খান, আনিসুর রহমান, ইমদাদুল হক ও খোকন খান। বক্তারা বলেন, ঝালকাঠি নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া মৌজার "পূর্ব চর দপদপিয়া ১২৯ নং” জমির বিএস মাঠ জরিপ ও বিএস রেকর্ডে ভূমি জরিপ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা মো. জনি মোল্লা, আজাদ, জুয়েল, সিদ্দিক সহ অনেকে ঘুষ বাণিজ্যের প্রতিবাদে তাদের কর্মকালীন সময়ে সম্পন্ন সকল কার্যক্রম বাতিলের দাবিতে দপদপিয়া এলাকার সাধারণ জনগণের পক্ষে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন। বক্তার এ সময় তাদের সহ এলাকার জমি নিয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। অসাধু কর্মকর্তাদের দালাল হিসেবে এলাকায় নিয়োজিত ছিলেন মিঠু (রাশেদ খান মিঠু), আলামিন, সিদ্দিক, টিটু (টুটুল খান) ও আনিচ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় বরিশাল বিভাগের ৫ জন সংসদ সদস্য স্থান পেয়েছেন। পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ও ভোলা জেলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়)। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন: • নুরুল হক নুর (পটুয়াখালী-৩), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। • রাজীব আহসান (বরিশাল-৪, হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট), রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়। • আহম্মদ সোহেল মঞ্জুর (পিরোজপুর-২), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মন্ত্রিসভায় প্রথমবার অন্তর্ভুক্ত হওয়ায় নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ দেখা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন তাঁরা।
‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর গণভোটে ভোটারদের উদ্বুদ্ধ করতে বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপী প্রচার অভিযান চালিয়েছে বরিশাল বিআরটিএ সার্কেল। প্রচার অভিযানে বাস চালক ও শ্রমিকদের হাতে গণভোট সংক্রান্ত লিফলেট তুলে দেন বরিশাল বিআরটিএর পরিচালক মো. জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক মো. আতিকুর রহমান, মোটরযান পরিদর্শক সৌরভ সাহা, নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন, সম্পাদক মনোয়ার হোসেন, বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাদাৎ হোসেন লিটন ও সম্পাদক মো. মোস্তফা কামালসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। বিআরটিএ পরিচালক মো. জিয়াউর রহমান বলেন, গণভোটের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচনের সময় অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করাই এই অভিযানের মূল লক্ষ্য। তিনি জানান, পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে গাছ বোঝাই ঠেলাগাড়ি পারাপারের সময় পুরাতন আয়রন ব্রিজ ভেঙে পড়ে একজন আহত হয়েছেন। দুর্ঘটনা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, বড় গাছ বোঝাই ঠেলাগাড়িটি ব্রিজ পারাপারের সময় আকস্মিকভাবে ভেঙে খালে পড়ে যায়। এতে ব্রিজ পারাপারের সময় আরিফ নামের এক যুবক আহত হন। দুর্ঘটনার পর এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদার বলেন, ব্রিজটি আগে থেকেই দুর্বল ছিল, কিন্তু গাছ ক্রেতা মাসুদ সরদার তা উপেক্ষা করে ব্রিজের ওপর দিয়ে গাছ নেন। দুর্ঘটনার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, জনসাধারণের চলাচলে বাধা না পড়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সমিতির মূল ভবনে সাধারণ সভা শেষে বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকনকে অপসারণ করে অ্যাডভোকেট নাজিম উদ্দীন আলম খান পান্নাকে নির্বাচন সংক্রান্ত এডহক কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়। সভা শেষে একাংশ আইনজীবী সভাপতি লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার বের করে আনেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু। জানা গেছে, নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে গড়িমসির অভিযোগে বিএনপি ঘরানার আইনজীবীদের একটি অংশ এই সিদ্ধান্ত নেয়। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এডহক কমিটি দায়িত্ব পালন করবে। এ বিষয়ে সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। বর্তমানে কোনো বিরোধ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন সামনে রেখে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে।
বরিশাল জেলা কার্যালয়ে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ফ্রন্টের সদস্যরা বলেন, লুটেরাদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে সংসদে পাঠাতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এতে উপস্থিত ছিলেন সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর কবির মুকুল, বাসদ বরিশাল জেলা শাখার সদস্যরা এবং অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
বরিশালের বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে ‘জানুয়ারি ২০২৬’ সেশন থেকে সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিশনের ৫৮তম মাসিক সভা এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শন কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউজিসি কর্তৃপক্ষের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। পত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কমিশনের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়া হলো। তবে ‘জানুয়ারি ২০২৬’-এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। এছাড়া বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নাম, আইডি নম্বর, সেশন, বিভাগ, অনুষদ, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য কমিশনে জমা দিতে হবে। কমিশন আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়কে ন্যূনতম সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের পাশাপাশি ল্যাবরেটরি ও অন্যান্য সুবিধা নিশ্চিত করে লিখিতভাবে প্রমাণসহ জানাতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কমিশনের অনুমতি সাপেক্ষে এফডিআর (ফিক্সড ডিপোজিট) এবং এর লভ্যাংশ ব্যবহার করতে পারবে, যা ভবিষ্যতে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে পুনঃপ্রদান করতে হবে। শিক্ষকদের বেতন এবং শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও অন্যান্য লেনদেন ব্যাংকের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করতে হবে এবং ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে কমিশনকে তা লিখিতভাবে জানাতে হবে। গ্লোবাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির নেতৃত্বে আছেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস এবং কন্যা এস আমরিন রাখি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে তিনি সাধারণ জনগণের আর্থিক সহযোগিতা চেয়েছেন। রবিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, “নদী ঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক এলাকায় প্রচারণার জন্য আপনার দোয়া ও আর্থিক সহযোগিতা প্রয়োজন।” তিনি জনতার টাকায় সহযোগিতা করতে চাইলে বিকাশ, নগদ বা ব্যাংক হিসাবে পাঠানোর আহ্বান জানিয়েছেন। ফুয়াদ আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষা ও ইনসাফ ও আজাদীর লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্য তার নির্বাচনী প্রচারণার মূল উদ্দেশ্য।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান। মৃত্যুর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভ তার প্রেমসংক্রান্ত কিছু ঘটনার বর্ণনা দেন এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে একপর্যায়ে অপমান, ভয়ভীতি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার শিকার হন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে বিভাগ গভীরভাবে শোকাহত। তাঁর ফেসবুক পোস্টে উল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। সহপাঠীরা জানান, শুভ ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।