বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগী আত্মহত্যা করেছেন। রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান।
মৃত্যুর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শুভ তার প্রেমসংক্রান্ত কিছু ঘটনার বর্ণনা দেন এবং মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন। পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে একপর্যায়ে অপমান, ভয়ভীতি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হওয়ার শিকার হন, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে।
বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. শারমিন আক্তার বলেন, শুভর মৃত্যুতে বিভাগ গভীরভাবে শোকাহত। তাঁর ফেসবুক পোস্টে উল্লিখিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
সহপাঠীরা জানান, শুভ ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানা পুলিশ আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া আউলিয়াঘাট এলাকায় রবিবার (৫ মার্চ) দুপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে এক যুবক তলিয়ে যান। দীর্ঘ ৫ ঘন্টা চেষ্টা ও উদ্ধার অভিযান শেষে বিকেল সাড়ে ৫টার দিকে নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক বদেশ্বরী গ্রামের আব্দুল মালেকের ছেলে সজীব। স্থানীয় সূত্র জানায়, সজীবসহ চারজন যুবক দুপুরে নদীতে গোসলের উদ্দেশ্যে নেমে। সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে গেলে অপরদের মধ্যে দুইজনকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি নিখোঁজ হয়ে যান। প্রাথমিক উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ৪ ঘন্টা তল্লাশি চালালেও সফল হননি। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালিয়ে নদী তলদেশ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানাচ্ছেন, নদীতে বালু উত্তোলনের কারণে খরার মৌসুমেও ৩০-৪০ ফুট গভীর চোরার বালি গর্ত সৃষ্টি হচ্ছে। এ ধরনের গর্তের কারণে নদীতে গোসলের সময় বিপদজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, যা সজীবের মতো মর্মান্তিক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ৩ জন ও পঞ্চগড়ে ৪ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। রোববার (৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গওসুল আজিম চৌধুরী জানান, গত ৩০ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৩ জন হামের উপসর্গে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৩০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় সংঘটিত প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের জন্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার এ সহায়তা প্যাকেজ ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে ২ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন শ্রমিকদের সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। তিনি সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এদিকে, অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন ও দায় নিরূপণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা প্রশাসনকেও পৃথক তদন্ত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, শ্রমিকদের জীবন ও নিরাপত্তা সুরক্ষায় সরকার আইনি কাঠামোর আওতায় কঠোর অবস্থান বজায় রাখবে এবং অবহেলার কারণে কোনো প্রাণহানি সহ্য করা হবে না।